মোবাইল কোর্টের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, দুই কারখানাকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে কারখানা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) বিশেষ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয় আমতলা, মাদবর বাজার ও জালকুড়ি এলাকায়।

অভিযানের প্রথম স্পটে আমতলা, মাদবর বাজার, জালকুড়ি এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত একটি ওয়াশিং কারখানা—‘জিসান ওয়াশিং লন্ড্রি’—চিহ্নিত করা হয়। তদন্তে প্রমাণিত হওয়ায় কারখানাটির অবৈধ গ্যাস সংযোগের উৎস পয়েন্ট কেটে (কিলিং) দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় স্পটে আমতলা, জালকুড়ি এলাকায় ‘বিসমিল্লাহ ফার্নিচার’ নামে একটি খানাটলি (কাঠ প্রক্রিয়াজাতকরণ) কারখানায় অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত কারখানাটির গ্যাস সংযোগের উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে দেয় এবং মালিকপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন।

এদিন মোট ২টি মামলায় সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদের সুরক্ষা এবং গ্যাসের অপচয় ও রাজস্ব ক্ষতি ঠেকাতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *