মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের বন্দরে ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে। স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি ফেসবুক লাইভে সম্প্রচার করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রনি জানান, সকালেও অফিসে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। দুপুর একটার দিকে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তাদের একজন রনির বুকে পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে নেন। এসময় তারা রনির সঙ্গে থাকা নগদ ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে চলে যায়। পালানোর সময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনাস্থলে একটি গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে। এ পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি।