মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডেমরা থানা পুলিশ।
পুলিশ জানায়, নোবেলের বিরুদ্ধে একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি তৈরি করার চেষ্টা করেছিলেন।
ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের ছিল এবং আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছিল। সেই ওয়ারেন্টের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, নোবেল বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতে প্রেরণ করা হবে।
এ ঘটনাটি সামাজিক ও অনলাইন মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নোবেলকে কেন্দ্র করে অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়টি এখন বাংলাদেশের গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।