সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, এক মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে, অপর একজন পলাতক রয়েছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর নির্দেশনায় এসআই (নিঃ) পংকজ কুমার আচার্য ও এএসআই (নিঃ) জাফর পাট্টাদার সঙ্গীয় ফোর্সসহ থানাধীন আসারিয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি চেকপোস্ট স্থাপন করেন। অবৈধ মাদক উদ্ধারের লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

গত ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা থেকে আসা একটি ১৫০ সিসি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। মোটরসাইকেলটিতে দু’জন আরোহী ছিল। কিন্তু চালক পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত ঢাকার অভিমুখে পালানোর চেষ্টা করে। চেকপোস্ট থেকে আনুমানিক ১০ গজ দূরে গিয়ে মোটরসাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে গেলে আরোহী দু’জন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের কাগজের কার্টনের ভেতরে ঘিয়া রঙের কসটেপে মোড়ানো দুইটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলোতে আনুমানিক ৫ (পাঁচ) কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের ব্যবহৃত মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়।

পরে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হলে গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সোনারগাঁও থানাধীন পৌরভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিসানের পিতা সিরাজ মিয়া। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী থানার পশ্চিম বনগ্রামে হলেও বর্তমানে তিনি বরিশাল জেলার লালখাড়াবাড়ী এলাকায় বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিসান জানায়, মোটরসাইকেলটির চালক ছিল জীবন (২২) নামে আরেক যুবক, যার বাড়ি নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বেহাকৈর এলাকায়। তারা কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে কাঁচপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলটি জীবন চালাচ্ছিল এবং গাঁজাভর্তি কার্টনটি জিসানের কোলের ওপর ছিল বলে সে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি জীবনকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *