ভোলার মনপুরায় ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, আদালতে তলব

স্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলা-য় ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন আব্দুর রব তালুকদার নামে এক ভুক্তভোগী। চাঁদাবাজির ঘটনাটি ঘটে উপজেলার মাস্টারহাট এলাকায়।

মামলাটি দায়ের করা হয় মনপুরা সিনিয়র জুডিশিয়াল আদালতে (মামলা নং– ৬৪/২৫ ইং)। আদালত মামলাটি নথিভুক্ত করে আসামি মেহেদীকে আদালতে তলব করেছেন।

মামলার নথিতে ভুক্তভোগী উল্লেখ করেন, ছাত্রলীগ নেতা মেহেদী সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আসামি মেহেদী মনপুরা উপজেলার আওয়ামী লীগ নেতা আমীর হাওলাদারের ছোট ভাই। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির নজরুল ইসলামের ছোট ছেলে। তিনি মনপুরা উপজেলা ছাত্রলীগের কমিটিতে নেতৃত্বেও ছিলেন।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় প্রভাব খাটানো, দখলবাজি, টেন্ডারবাজি, কলেজ ক্যাম্পাসে মারামারি, চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে এসব অপকর্ম আড়াল করতে তিনি বিভিন্ন স্থানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং মনপুরা উপজেলার স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে তিনি মনপুরা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টাও করছেন বলে জানা গেছে।

চাঁদাবাজির মামলার বিষয়ে ছাত্রলীগ নেতা মেহেদীর সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রব তালুকদারের আইনজীবী অ্যাডভোকেট নিমাই চন্দ্র জানান, মামলাটি চলমান রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন, আসামির দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

ঘটনাটি নিয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *