বরুড়া থানা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা — সত্যনিষ্ঠ সাংবাদিকতাই পারে সমাজ বদলাতে

মোঃ আনজার শাহ:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে কুমিল্লার বরুড়া উপজেলায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলা হল রুমে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে এ মাহফিল আয়োজিত হয়।

ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ বলেন, “রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা যদি আমরা ব্যক্তি ও কর্মজীবনে যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে সমাজ আরও সুন্দর ও শৃঙ্খলিত হয়ে উঠবে।” তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীল ও নিষ্ঠাবান ভূমিকা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে।” তিনি প্রেসক্লাবের রমজান মাসের এই আয়োজনকে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠতা ও সততার সঙ্গে সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য।” তিনি সমাজের অসংগতি ও অনিয়মের বিরুদ্ধে কলমকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে এগিয়ে নিয়ে যাওয়াই হোক সাংবাদিকদের অঙ্গীকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মো. ইকবাল হোসেন (নোয়াখালী মেডিকেল কলেজ), বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, বরুড়া জুয়েলার্স সমিতির সভাপতি ও আল মদিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নূরু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফারুকুল ইসলাম, মুফতি কাজী মোমিনুল্লাহ ভূঁইয়া, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সবশেষে বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদারের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে রমজানের এই ইফতার মাহফিলের পরিসমাপ্তি ঘটে। তিনি উপস্থিত সকল অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *