মোঃ মানিক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সারাদেশে সৃষ্ট অস্থিরতার অংশ হিসেবে ঈশ্বরগঞ্জের অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল নেই। তবে পৌর শহরের ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে সীমিত মজুদ থাকায় সেখানে শত শত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি বিক্রিতে সীমা নির্ধারণ করে দেওয়া হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।
ঈশ্বরগঞ্জ পৌর এলাকা ও আঠারোবাড়ি ইউনিয়নের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই পাম্পগুলোর সামনে মোটরসাইকেল, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। কিন্তু অধিকাংশ পাম্প কর্তৃপক্ষ সরবরাহ না থাকার কথা জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছে।
পৌর এলাকায় অবস্থিত ভূঁইয়া ফিলিং স্টেশনের কর্ণধার মঞ্জু ভূঁইয়া জানান, তার পাম্পে বর্তমানে প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল অবশিষ্ট রয়েছে। তবে অকটেন ও পেট্রোল পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় রোববার সকাল থেকে তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “অকটেন ও পেট্রোল দেওয়া আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী সাপ্লাই এলে আবারও আগের মতো গ্রাহকদের তেল দেওয়া সম্ভব হবে।”
অন্যদিকে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এখনো প্রায় দুই দিনের জ্বালানি মজুদ রয়েছে এবং সেখানে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। তবে উপজেলার অন্যান্য পাম্পে সরবরাহ বন্ধ থাকায় এই পাম্পটিতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
পৌরসভার বাসিন্দা ও মোটরসাইকেল চালক শামীম হোসেন বলেন, “একটি পাম্পে অকটেন না পেয়ে অন্য পাম্পে এসেছি। শেষ পর্যন্ত ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছি। তেল না পেলে কাল থেকে কাজে বের হওয়া মুশকিল হয়ে যাবে।”
এদিকে জ্বালানি সংকটের সুযোগে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করে চড়া দামে তেল বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানা গেছে। মজুতদারি বা অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব দেশের জ্বালানি বাজারেও পড়েছে। ফলে গত কয়েকদিন ধরে সারাদেশের মতো ঈশ্বরগঞ্জেও জ্বালানি তেলের এই অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সরকারি হস্তক্ষেপ ও সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।