মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের উন্নয়নের লক্ষ্যে গঞ্জে আলী খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জেলার বিভিন্ন খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) নারায়ণগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডের গঞ্জে আলী খাল এলাকায় আনুষ্ঠানিকভাবে খনন কার্যক্রমের উদ্বোধন করেন মোঃ সাখাওয়াত হোসেন খান, প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, “গঞ্জে আলী খাল উদ্ধার, পরিষ্কার ও খননের কাজ আজ থেকে শুরু হলো। আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা এই কাজ শুরু করেছি।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহরে পরিণত করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খালগুলো পুনঃখনন ও পরিষ্কার করা হলে শহরের জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের উন্নয়ন ঘটবে।
সিটি প্রশাসক জানান, খনন কাজের সুবিধার্থে রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু (খননযন্ত্র) আনা হয়েছে। তিনি বলেন, “আমাদের নিজস্ব ভেকু না থাকায় রংপুর সিটি করপোরেশন থেকে একটি ভেকু আনা হয়েছে। যতদিন প্রয়োজন হবে, এই ভেকু দিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন খাল পরিষ্কার ও খনন করা হবে।”
তিনি বলেন, খাল খনন ও পরিষ্কার করা হলে পরিবেশের উন্নয়ন ঘটবে। পাশাপাশি খালের চারপাশে গাছ লাগিয়ে নারায়ণগঞ্জকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, খাল পরিষ্কার থাকলে মশার উপদ্রব কমবে এবং মানুষ এসব রোগ থেকে মুক্তি পাবে। খালের আশপাশে বসবাসকারী মানুষ দীর্ঘদিন ধরে মশার সমস্যায় ভুগছেন। তাই মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “কাজ চলাকালে সাময়িক কিছু অসুবিধা হতে পারে। তবে নগরবাসী সহযোগিতা করলে দ্রুত কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”
সিটি প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত করা এবং নগরবাসীর জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করাও সিটি করপোরেশনের পরিকল্পনার অংশ। তবে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
সামনে বর্ষা মৌসুমকে সামনে রেখে ইতোমধ্যে শহরের বিভিন্ন এলাকায় ড্রেন সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি। যাতে বর্ষাকালে নগরবাসী জলাবদ্ধতার ভোগান্তিতে না পড়েন, সেজন্যই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, গঞ্জে আলী খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং এলাকার পরিবেশের উন্নতি ঘটবে। পাশাপাশি খালটি নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হলে নারায়ণগঞ্জ শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।