লাঙ্গলবন্দে মহা-অষ্টমী স্নান উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন মহা-অষ্টমী স্নান-২০২৬ উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

সভায় লাঙ্গলবন্দে অনুষ্ঠিতব্য মহা-অষ্টমী স্নানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুণ্যার্থীদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

মতবিনিময় সভায় মহা-অষ্টমী স্নান-২০২৬ উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। তারা পুণ্যার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ঘাট এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, লাঙ্গলবন্দে মহা-অষ্টমী স্নান সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য পুণ্যার্থী এখানে সমবেত হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথাও তিনি উল্লেখ করেন।

সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও মহা-অষ্টমী স্নান-২০২৬ উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নিয়ে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও উদ্‌যাপন কমিটির যৌথ উদ্যোগে এবারের মহা-অষ্টমী স্নান উৎসব সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবং আগত পুণ্যার্থীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *