মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাজ্জাদ হোসেন (১৯) নামের এক যুবককে লাঠিপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় সোহেল মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. জাকারিয়া মোল্লা মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, গত ১১ মার্চ দুপুরে সাজ্জাদ হোসেন খেলাধুলা শেষে বন্ধুদের সঙ্গে হাসি-তামাশা করতে করতে উপজেলার দেড় বোয়ালিয়া হালিমপুর এলাকার সোহেল মোল্লার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সোহেল মোল্লার স্ত্রী ময়না বেগম তাদের জোরে হাসাহাসি করতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়।
অভিযোগে আরও বলা হয়, ওই দিন বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে সাজ্জাদ হোসেন বাড়ি থেকে মসজিদে ইফতারি দিতে যাওয়ার পথে সোহেল মোল্লার বাড়ির সামনে পৌঁছালে সোহেল মোল্লা তার পথরোধ করেন। এ সময় তাকে ভ্যান থেকে নামিয়ে লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত সোহেল মোল্লা তাদের হুমকি দিয়ে বলেছেন, আইনের সহায়তার জন্য থানায় গেলে তিনি তাদের পা কেটে ফেলবেন।
স্থানীয় সাবু মোল্লা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না বলেও উল্লেখ করেন। সাবু মোল্লা অভিযুক্ত সোহেল মোল্লার ভাই বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত সোহেল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, “আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি নই।”
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”