মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতরের আগে ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে শহরের আমলাপাড়া কার্যালয়ে প্রবীণ নাগরিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের অসহায় ও প্রবীণ মানুষদের মধ্যে মানবিক সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে।
ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের প্রবীণ নাগরিকদের সেবা ও সহায়তার জন্য কাজ করে আসছে। ফাউন্ডেশনের সদস্যরা প্রবীণদের সাথে সময় কাটিয়ে তাদের গল্প শোনেন, মানবিক সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এই ধরণের উদ্যোগের মাধ্যমে তারা সমাজে প্রবীণদের অবস্থান ও গুরুত্বের বিষয়টি সামনে আনার চেষ্টা করছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম তার বক্তব্যে বলেন, “৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন বিপদগামী ও অবহেলিত প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন হিসেবে সুরক্ষিত রাখার জন্য কাজ করছে। প্রতিটি পরিবারে সিনিয়র সিটিজেন পিতা-মাতাকে একজন অভিভাবক হিসেবে মূল্যায়ণ করা প্রয়োজন। সমাজ ও পরিবার থেকে কোনো পরিবার পৃথককরণের সংস্কৃতি বা শিক্ষার অপসংস্কৃতির ধারাবাহিকতা যেন না থাকে, সেই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম বলেন, “আমাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। আমাদের আহবান থাকবে—‘বৃদ্ধাশ্রম নয়, পরিবার হউক সুরক্ষিত ও বাসযোগ্য স্থান’। সমাজে প্রবীণদের অবস্থান শক্তিশালী করা প্রয়োজন এবং তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।”
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ফাউন্ডেশনের সহ-সভাপতি শহীদুল্লাহ ও ফিরোজ কায়সার আজম, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জাকারিয়া, অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রহমান তমা, আতাউর রহমান মিঠু, হাসনে আরা বেগম রানী, সুজনসহ অন্যান্য প্রমুখ সদস্য।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মামুন এবং অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন ফিরোজ কায়সার আজম। তিনি অতিথিদের এবং প্রবীণ নাগরিকদের সঙ্গে আন্তরিক কথোপকথন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিটি প্রবীণ নাগরিককে ঈদ উপহার তুলে দেওয়ার মাধ্যমে ফাউন্ডেশন সামাজিক সহানুভূতি ও মানবিক দায়বদ্ধতার একটি অনন্য উদাহরণ স্থাপন করেছে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি শাহ আলম, যিনি সকলকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান এবং সমাজের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
এই ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং প্রবীণদের জীবনকে আনন্দময় ও মর্যাদাপূর্ণ করে তোলে। ফাউন্ডেশন আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও তারা সমাজের অসহায় ও প্রবীণ জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে এবং তাদের অধিকার নিশ্চিত করতে অবিরাম কাজ চালিয়ে যাবে।