মোহাম্মদ হোসেন সুমন:
সারাদেশে উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগের সম্ভাবনাকে কেন্দ্র করে যখন আলোচনা জোরদার হয়েছে, তখন কক্সবাজার সদর উপজেলায় সম্ভাব্য প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা (অব.) সুবেদার মেজর আবদুল মাবুদ চৌধুরীর নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় জনপরিসরে তাঁর পক্ষে সমর্থন ক্রমেই দৃশ্যমান হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাস্তব সফলতার কারণে আবদুল মাবুদ চৌধুরীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত মনে করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সচেতন মহলের মতে, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বগুণের সমন্বয়ে তিনি উপজেলা প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।
সরকার ইতোমধ্যে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন করেছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিগগিরই উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে এবং আসন্ন ঈদের পর পৌরসভাগুলোতেও একই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজার সদর উপজেলা ও পৌরসভার প্রশাসক পদ নিয়ে জোর আলোচনা চলছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ চৌধুরীর কর্মময় জীবনে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতার ভাণ্ডার। ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি নিজেকে সম্পূর্ণভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত করেন। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ওই সময়ে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি সাধিত হয়। অবহেলিত খুরুশকুল ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের স্বীকৃতিস্বরূপ ২০০৫-২০০৬ অর্থবছরে তিনি জেলার ‘শ্রেষ্ঠ চেয়ারম্যান’ হিসেবে সরকারি পুরস্কার লাভ করেন।
তাঁর জীবনের আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। অল্প বয়সেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রশিক্ষণ গ্রহণের পর তিনি তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সীমান্ত এলাকায় সম্মুখযুদ্ধে অংশ নেন এবং বীরত্বের স্বাক্ষর রাখেন।
বর্তমানে তিনি কক্সবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলায় সংগঠন পরিচালনা, নেতৃত্বদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্থানীয়দের প্রত্যাশা, আবদুল মাবুদ চৌধুরীর মতো অভিজ্ঞ ও জনবান্ধব ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে কক্সবাজার সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা নিশ্চিত হবে। তাঁর সামরিক শৃঙ্খলা, নেতৃত্বের দৃঢ়তা এবং উন্নয়ন অভিজ্ঞতা উপজেলাকে একটি টেকসই উন্নয়নের ধারায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন।