১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত

কামরুল ইসলাম:

রমজান মাসে দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখনঘাটতি পূরণে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ১০টি শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাধারণত সপ্তাহে দু’দিন (শুক্রবার ও শনিবার) প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকে। তবে ছুটিজনিত ঘাটতি পুষিয়ে নিতে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক জয়নাল আবেদীন স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটেছে। এ ঘাটতি কাটিয়ে উঠতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠানো হয়েছে বলেও পরিপত্রে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *