মোহাম্মদ হোসেন হ্যাপী:
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের অনুসরণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)-এর কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন নাসিকের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
সোমবার (৩০ মার্চ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে এসে দুপুর ৩টায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কার্যালয়ের কার্যক্রম শেষে বিকাল ৫টায় আগত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন নবাগত এই প্রশাসক।
প্রশাসক বলেন, “আমাদের নেতা তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার অংশ হিসেবেই আমি সিদ্ধিরগঞ্জে এসেছি। সিদ্ধিরগঞ্জ, বন্দর ও নারায়ণগঞ্জ—সব জায়গাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করা হবে। কোথাও বৈষম্য করা হবে না।”
তিনি আরও বলেন, “সিদ্ধিরগঞ্জ ও বন্দরে আগে কেউ নিয়মিত কার্যালয় পরিচালনা করেনি। আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রতি সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জে বসবো। এরপর বিভিন্ন এলাকায় ঘুরে সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বের কথাও তুলে ধরে তিনি বলেন, “আমি একটি দলের নেতা হলেও এখানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনারা পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
তিনি আরও বলেন, “আমরা চাই নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নগরীতে পরিণত করতে। আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে সরাসরি জানাবেন। ভুল হলে সংশোধনের সুযোগ দেবেন।”
পরে প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমকে সঙ্গে নিয়ে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।