কামরুল ইসলাম:
কক্সবাজারের রামু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একটি এস্কেভেটর (মাটি কাটার যন্ত্র) ও একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রামু থানায় মামলাটি দায়ের করে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর। এর আগে সোমবার (৩০ মার্চ) সকাল ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা অভিযান চালানো হয় উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনার লামারপাড়া, ঘোনারপাড়া ও স্কুলপাড়া এলাকায়।
অভিযান শেষে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশের মারাত্মক ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই পাহাড়ের অন্তত ৮ থেকে ৯টি স্থানে মাটি কাটা হয়েছে। অভিযুক্তরা প্রায় ৯০ হাজার ঘনফুট পাহাড় কেটে সেই মাটি বিক্রি করেছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।