ঝালকাঠির নলছিটিতে ৪২ মন জাটকা ইলিশ জব্দ, জরিমানা আদায়

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে ৪২ মন নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। মা ইলিশ রক্ষায় সরকারি আইন অমান্য করে বিভিন্ন নদী থেকে এসব ছোট ইলিশ আহরণ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করার সময় তাদের আটক করা হয়।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। খবর পেয়ে নলছিটির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কোস্ট গার্ড জানায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গাড়ির চালক, সুপারভাইজার ও হেলপারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ৪২ মন জাটকা উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করে প্রশাসন। এদিকে উপজেলা প্রশাসন জানায়, জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *