নারায়ণগঞ্জ মর্গ্যাণ গার্লস স্কুল অ্যান্ড কলেজে লায়লার পুনরায় যোগদান ঘিরে সংঘর্ষের আশঙ্কা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মর্গ্যাণ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা লায়লা আকতারের পুনরায় যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। তার বিরুদ্ধে পূর্বের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষের আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, সহকারী প্রধান শিক্ষিকার পদ থেকে পদত্যাগের পরও লায়লা আকতার ৬ জন শিক্ষক ও কিছু বহিরাগতকে সঙ্গে নিয়ে স্কুল বন্ধ থাকাকালীন জোরপূর্বক প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এসময় বিভিন্ন কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও একই সময়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের লিখিত অনাস্থা থাকা সত্ত্বেও পুনরায় যোগদানের চেষ্টা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সদর মডেল থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের আশীর্বাদপুষ্ট হয়ে ২০১৭ সালে লায়লা আকতার মর্গ্যাণ গার্লস স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষিকার পদে যোগদান করেন। একই সময়ে তিনি নগরীর পাইকপাড়া জয়গোবিন্দ স্কুলেও কর্মরত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ২০২৫ সালের ১৫ এপ্রিল একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। এছাড়াও ২০২৪ সালের ২০ আগস্ট শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা একযোগে তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ২০ জানুয়ারি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা), জেলা প্রশাসকের কার্যালয়ে মর্গ্যাণ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ একটি লিখিত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে লায়লা আকতারের বিরুদ্ধে ১৩টি অভিযোগ উল্লেখ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করা হয়।

কে এই লায়লা আকতার?
অভিযোগ রয়েছে, তার স্বামী সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হওয়ায় তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছেন।

বর্তমানে নানা অভিযোগের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করা সত্ত্বেও লায়লা আকতার পুনরায় প্রতিষ্ঠানে যোগদানের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আগামী ২৯ মার্চ সরকারি ছুটি শেষে মর্গ্যাণ গার্লস স্কুল অ্যান্ড কলেজ খোলার ঘোষণা রয়েছে। ওই দিন লায়লা আকতার জোরপূর্বক যোগদানের চেষ্টা করলে অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কা করছেন অভিভাবকরা।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। তারা মনে করেন, সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *