চাঁদপুরে সড়ক বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

মো: মনির হোসেন:

চাঁদপুরে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ এপ্রিল) সকালে জেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে এ কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর—৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ। তিনি বলেন, সরকারের গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। রোপণকৃত গাছের সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদারকি করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, সড়কের পাশে রোপণ করা গাছের ক্ষতি হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার নির্বাচনী এলাকা সদর ও হাইমচরে প্রায় দুই লাখ গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে, যা সাধারণ মানুষের অংশগ্রহণে বাস্তবায়ন করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি এসব গাছ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ এবং সড়কের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী জানান, চাঁদপুর সড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সড়কে ১৬০ দিনের মধ্যে ২ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আজকের উদ্বোধনের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *