এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৫টার দিকে জোরারগঞ্জ থানাধীন মিরসরাই ইকোনমিক জোনের বেপজা গেইটের সামনে এ অভিযান পরিচালিত হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) হান্নান আল মামুনসহ সঙ্গীয় ফোর্স জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে বিশেষ অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে মজুদ রাখা ২৫০ লিটার ডিজেলসহ মোহাম্মদ শাহ জালাল (পিতা: নুরুল আলম, মাতা: শাহজাদী বেগম) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী এলাকার মসজিদিয়া গ্রামে।
পরবর্তীতে মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদেরকে বিষয়টি অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের বলেন, জনগণের প্রয়োজনীয় নিত্যপণ্যে যেন কোনো ধরনের কালোবাজারির প্রভাব না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় তাকে অবশ্যই আনা হবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।