ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাহ উপজেলায় অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে এক কিশোরসহ দুজনকে উদ্ধার করেছে ঈদগাহ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মো. ইব্রাহিম (১৫), বাড়ি বগুড়ার আদমদিঘী এলাকায়, স্থানীয়ভাবে শীতল পাটি বিক্রির কাজ করতেন। তিনি কালাম সরদার (৩৩) নামের এক ব্যক্তির অধীনে পাটি বিক্রি করতেন।
অভিযোগ রয়েছে, পাটি বিক্রির টাকা খরচ করে ফেলার পর হিসাব দিতে না পেরে ইব্রাহিম এক টমটম চালকের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে আত্মগোপনে যান। পরে তারা ধলিরছড়া পাহাড়ে অবস্থান নিয়ে নিজেদের অপহৃত দাবি করে পাটির মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরে পাটির মালিক ঈদগাঁও থানায় একটি নিখোঁজের ডায়েরি (জিডি) করলে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। ঈদগাঁও থানার এসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপনে অভিযান চালিয়ে ধলিরছড়া পাহাড় এলাকা থেকে ওই কিশোর ও তার সহযোগীকে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ দাবি করার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।