খুলনা প্রতিনিধি:
খুলনা মহানগরের রূপসা রহিমনগর ও ১নং কাস্টমঘাট খেয়াঘাটের পারাপারের সিঁড়ির বেহাল দশা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থায় পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই বলে অভিযোগ স্থানীয়দের।
প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত এপার-ওপার মানুষ এসব খেয়াঘাট দিয়ে পারাপার হন। তবে সিঁড়ির অবস্থা খারাপ হওয়ায় বাইসাইকেল ও মোটরসাইকেল পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গর্ভবতী নারীরাও ঝুঁকি নিয়ে পারাপার করছেন বলে জানা গেছে। অনেকেই নিরাপত্তার কারণে রূপসা ঘাট দিয়ে যাতায়াত করছেন।
স্থানীয়দের তথ্যমতে, সাবেক রূপসা উপজেলা চেয়ারম্যান মরহুম শেখ আলী আকবার জেলা পরিষদের মাধ্যমে একটি সিঁড়ি নির্মাণ করেছিলেন। তবে সেটি পরবর্তীতে জাহাজের ধাক্কায় ভেঙে যায়। এরপর থেকে দীর্ঘদিন ধরে সিঁড়িটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
রূপসা–৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রহিমনগর এলাকাবাসীর সাথে মতবিনিময়ের সময় সিঁড়িটি দ্রুত নির্মাণের আশ্বাস দিয়েছিলেন বলে জানা যায়। তবে এখন পর্যন্ত সেই কাজ বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এ অবস্থায় খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-এর সার্বিক সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত সিঁড়ি নির্মাণ করে সাধারণ মানুষের চলাচল নিরাপদ করার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী মানুষ ও ট্রলার মাঝিরা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে সিঁড়ি নির্মাণের জোর দাবি জানান।