মোহাম্মদ হোসেন হ্যাপী:
জাতীয় ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ এপ্রিল বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কাফি বিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, বিভিন্ন ক্রীড়া সংগঠক, জেলার বিভিন্ন ক্রীড়া শিক্ষার্থী এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
এ বছর জাতীয় ক্রীড়া দিবসের প্রতিপাদ্য ছিল “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিপাদ্য হিসেবে ছিল “গড়বো জাতীয় সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার ওপরও গুরুত্ব দিতে হবে। নারায়ণগঞ্জ জেলা থেকে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং খেলোয়াড়দের জন্য একটি সুন্দর ও অনুকূল পরিবেশ তৈরিতে প্রশাসন সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠান শেষে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং ক্রীড়া চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।