‘সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার:

সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা’ শীর্ষক প্রতিবেদনটি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, প্রতিবেদনটিতে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। এ প্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিম্নোক্ত প্রতিবাদ প্রকাশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

বর্তমানে সচিবালয়ে ১২টি ভবন রয়েছে, যা ১৯৩৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে নির্মিত হয়েছে। মন্ত্রণালয়ের সংখ্যা বৃদ্ধি এবং কর্মকর্তাদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে পার্কিং সংকট ও অফিস স্পেসের ঘাটতি নিরসনের লক্ষ্যে নতুন মাস্টারপ্ল্যানের আওতায় বাংলাদেশ সচিবালয়ের আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯৩৯ সালে নির্মিত ৮৭ বছরের পুরোনো ও ভূমিকম্পঝুঁকিপূর্ণ ১ নং ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, ভবনটি রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প সহনীয় নয়। প্রস্তাবিত নতুন ভবনটি নির্মিত হলে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ-সংকট নিরসন হবে।

প্রকল্প ব্যয় সম্পর্কে সঠিক তথ্য হলো — প্রস্তাবিত ২১ তলা ভবনের সঙ্গে ৪টি বেজমেন্ট ও একটি ভূগর্ভস্থ জলাধার থাকবে। বেজমেন্ট, ভ্যাট, আয়কর ও লভ্যাংশ বাদে নির্মাণ ব্যয় প্রতি বর্গফুটে ৩,৫০০.৮৬ টাকা, যেখানে শুধু বেজমেন্ট অংশের জন্য নির্মাণ ব্যয় হবে প্রতি বর্গফুটে ৭৫৯.৬৫ টাকা। প্রকাশিত প্রতিবেদনে নির্মাণ খরচ বর্গমিটারে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত চিত্র থেকে বিচ্যুত। ভবনটি একটি সুউচ্চ স্থাপনা, যেখানে প্রতিটি তলার উচ্চতা ১৩.৫ ফুট নির্ধারিত। এতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, সোলার প্যানেল, কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, তাপনিরোধক লো-ই গ্লাস, বৃষ্টির পানি সংগ্রহ ব্যবস্থা, আধুনিক ফ্যাসাদ লাইটিং, গাড়ি পার্কিং, প্রতিটি তলায় সুপেয় পানির ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সংযুক্ত রয়েছে। সার্বিক বিবেচনায় ভবনটির ব্যয় যৌক্তিক বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মনে করে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। ভবিষ্যতে এ ধরনের অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যসম্বলিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *