মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা, অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা আরোপ করা হয়।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় সোমবার (৬ এপ্রিল) এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ শহরের Medistar Hospital এবং Renesa Lab–এ একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সেবার মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন বা সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় চিকিৎসা প্রোটোকল অনুসরণ না করা, যথাযথ স্টেরিলাইজেশন ব্যবস্থা না থাকা, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার সনদ প্রদর্শনে ব্যর্থতা এবং নির্ধারিত বেডের বিপরীতে পর্যাপ্ত নার্সের অভাব। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে Palli Diagnostic Center–এ অভিযান চালিয়ে আরও গুরুতর অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ইচ্ছামতো সেবার মূল্য নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়াই প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়। এসব কারণে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে RAB-11, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও যারা স্বাস্থ্যসেবার নামে অনিয়ম, প্রতারণা বা জনস্বার্থবিরোধী কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।