ফতুল্লায় যুবক শুভ হত্যা মামলার প্রধান আসামি ‘লাল শুভ’ র‍্যাবের হাতে গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর যুবক শুভ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ আল আমিন ইসলাম ওরফে ‘লাল শুভ’কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। সোমবার (৬ এপ্রিল ২০২৬) ভোররাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মাপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং শেষ পর্যন্ত আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

মামলার এজাহার অনুযায়ী, নিহত শুভ (২১) পেশায় একজন এসি মেকার ছিলেন। গত ৭-৮ মাস ধরে এলাকার কিছু বখাটেদের সঙ্গে তার বিরোধ চলছিল। প্রায় ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানার সঙ্গে তার তর্ক-বিতর্কের জেরে তাদের মধ্যে শত্রুতা আরও তীব্র হয়। এরপর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ঘটনার দিন গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আসামি লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইনে আসতে বলে। পরে সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন এলাকায় পৌঁছালে লাল শুভসহ অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

এরপর থেকে শুভ নিখোঁজ ছিলেন। গত ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি শুভর বলে শনাক্ত করেন। নিখোঁজের কয়েক দিনের মধ্যেই তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় র‍্যাব-১১ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *