কাঁচপুর ও সোনারগাঁও এলাকায় ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু সংলগ্ন কাঁচপুর ও সোনারগাঁও এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালিয়ে প্রায় ৩০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের কাঁচপুর মৌজার দাগ নং ১২৫, ১২৬, ১২৮, ১২৯, ১৭৩, ১৭৪ ও ১৭৬-এর আওতাধীন মোট ১.০২ একর জমি থেকে এসব অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে সড়কের পাশে গড়ে ওঠা এসব দোকান জনদুর্ভোগ সৃষ্টি করছিল এবং সড়ক চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। পুরো অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও কাঁচপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও সার্ভেয়াররাও অভিযানকালে উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সড়ক অবকাঠামো সুরক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়।

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে সড়ক ব্যবস্থাপনা উন্নত হবে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *