আনন্দ-উচ্ছ্বাসে মর্গ্যান গার্লস স্কুলে বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ-এর উদ্যোগে ‘বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬’ জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি প্রদানের পাশাপাশি বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন বিদ্যালয় প্রাঙ্গণকে উৎসবমুখর করে তোলে।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত রেবেকা-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে পরিচালিত হয়। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং বিদ্যালয়ের ঐতিহাসিক ভবনের সংরক্ষণসহ চলমান উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তাঁর দক্ষ নেতৃত্বে পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও পরিপাটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকূল ইসলাম রাজিব এবং মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ এবং মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মর্গ্যান গার্লস স্কুল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও বলেন, পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। “আজকের ছাত্রীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর”—এমন প্রত্যাশা ব্যক্ত করে বক্তারা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের সাম্প্রতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশিত মনোমুগ্ধকর নৃত্য, গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। উৎসবের শেষ পর্বে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *