নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

আজ সকাল ১১টায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া।

মতবিনিময় সভায় শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শৃঙ্খলা রক্ষা, সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে মানসম্মত শিক্ষা অপরিহার্য। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন এবং সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নত রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। অভিভাবকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান তার বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তিনি নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। প্রাণবন্ত আলোচনা ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *