মোঃ মানিক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি নিয়ম অমান্য করে তেল নিতে গিয়ে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।
পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জ্বালানি সংকটের কারণে লাইনে দাঁড়িয়ে আসা প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছিল। মোবারক হোসেনকে ৫০০ টাকার তেল দেওয়ার পরও তিনি মোটরসাইকেল সরাতে অস্বীকৃতি জানান এবং অতিরিক্ত তেল দাবি করেন।
এ সময় পাম্প কর্তৃপক্ষ নিয়মের বাইরে তেল দিতে অপারগতা জানালে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গেও অসদাচরণ করেন বলে জানা গেছে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, এর আগেও গত ৬ এপ্রিল একটি ফিলিং স্টেশনে একই ধরনের ঘটনায় জড়িয়েছিলেন মোবারক হোসেন। সেসময়ও তিনি নিয়মের বাইরে তেল নেওয়ার চেষ্টা করে পাম্প কর্তৃপক্ষ ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সংকটের সময় কেউ নিয়ম ভঙ্গ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।