মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টেজ (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ‘ডসল্যান্ড গার্মেন্টস’-এর সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝুট মাল দখল নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি গ্রুপ এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে এদিন উভয়পক্ষ সশস্ত্র অবস্থায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভি গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা প্রাণভয়ে আশপাশের দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
এ ঘটনায় এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৫) গুলিবিদ্ধ হন। এছাড়া রফিক নামে আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও ঝুট ব্যবসা কেন্দ্রিক দীর্ঘদিনের বিরোধ নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।