কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং সংঘবদ্ধ অপরাধের প্রস্তুতির অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লা জেলার তিতাস থানার মো. আনোয়ার (২৭), চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মো. হৃদয় (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানার আকতার হোসেন (৩০)। বর্তমানে তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, “ডাকাতির প্রস্তুতির অভিযোগে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।