মোঃ মনির হোসেন:
চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম নিয়মিত মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের অংশ হিসেবে ০৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের কালচৌ গ্রামের কালচৌ সাকিন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কালচৌ এলাকার ০১ নং সাক্ষী আবুল হোসেনের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অবস্থানকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাসির আহম্মেদ (৪৮), পিতা- মৃত নুরুল হুদা, মাতা- মৃত রাজিয়া বেগম। তিনি কালচৌ (মিজি বাড়ী) এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার এফআইআর নং- ৬ এবং জিআর নং- ৭৫, তারিখ ০৯ এপ্রিল ২০২৬ খ্রিঃ।
গ্রেফতারের পর আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
স্থানীয়রা পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।