ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার খাগড়াখানা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনে একটি সড়কে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইকবাল হোসেন (৪৭) ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।

নিহতের ভাই আনসার আলী হাওলাদার জানান, এদিন রাত ৯টার দিকে প্রতিবেশী রাজ্জাক শিকদার নিহত ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছু সময় পর তার বাবা রশিদ শিকদার বাড়িতে এসে স্বজনদের জানায়, দুর্বৃত্তরা ইকবালকে কুপিয়ে ফেলে রেখেছে। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে তার গলা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে ই বাংলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন কুলসুম বেগম জানান, ইকবাল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার পর রাস্তায় দাঁড়িয়ে এলাকায় নারীসহ বিভিন্ন মানুষকে উত্ত্যক্ত করত। নানা অঙ্গভঙ্গি দিয়ে নাচ-গান করে বেড়াত। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় লোকজন তাকে মারধরও করেছে।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *