কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা; আতঙ্কে দিন কাটাচ্ছে নিহতের পরিবার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কেরানীগঞ্জে রবিন আহমেদ রানা (২৫) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

মামলায় উল্লেখ করে নিহতের মা জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রানা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে নিহতের পরিবার ১৮ সেপ্টেম্বর ঢাকার কদমতলী থানায় সাধারণ ডায়েরি করে। ১৯ সেপ্টেম্বর একটি ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এমন খবর শুনে ছুটে ঘটনাস্থলে চলে যান নিহতের পরিবার।

পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিহতের মা আসমা বেগম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে বিভিন্নভাবে বাদী এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান নিহত রবিনের পরিবার।

এ ঘটনায় নিহত রবিনের স্ত্রী ও শ্বশুর জড়িত বলে অভিযোগ করেছেন তারা।

মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর মূল রহস্য উদঘাটন করবে সিআইডি—এমন আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *