মোহাম্মদ হোসেন সুমন:
কক্সবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির মাদক ধ্বংস কমিটির উদ্যোগে বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল ২০২৬) আয়োজিত এ কার্যক্রমে সর্বমোট ২১,৯৩,২১৭ (একুশ লক্ষ তিরানব্বই হাজার দুইশত সতের) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬৮ লিটার দেশীয় চোলাই মদ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৬৫,৮০,১০,৪০০ (পঁয়ষট্টি কোটি আশি লক্ষ দশ হাজার চারশত) টাকা।
মাদক ধ্বংস কার্যক্রমে সভাপতিত্ব করেন ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গিয়াস উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত এসব মাদকদ্রব্য যথাযথ নিয়ম মেনে ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।