নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

মোহাম্মদ হোসেন হ্যাপী:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের ক্ষেত্রে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেছেন এবং এ ক্ষেত্রে সংস্থাটির জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ আজ মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আগ্রহের কথা জানান।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম, বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, গণমাধ্যম-সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন এবং ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, বর্তমান সময়ে অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেস্কো কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

তথ্যমন্ত্রী অপতথ্যের বিস্তার রোধ ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। ইউনেস্কোর প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *