মোহাম্মদ হোসেন হ্যাপী:
অনলাইন শপিংয়ের আড়ালে সক্রিয় একটি বড় প্রতারক চক্রের চার সদস্যকে রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আড়াইটার দিকে ডিএমপির পল্লবী থানাধীন ডি ব্লকের ২২ নম্বর রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী জেলার কালুখালী থানার রতনদিয়া এলাকার রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯), মোঃ মিজান (২০), মোঃ বাইজিদ বিশ্বাস (১৯) এবং মোঃ জুয়েল শেখ (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার উত্তর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা মোসাঃ জাকিয়া (৩১) গত ১২ এপ্রিল ‘Colour Brand BD’ নামক একটি ফেসবুক পেজে পোশাকের বিজ্ঞাপন দেখে অর্ডার দেন। কেনাকাটার প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন প্রলোভন ও কৌশলে চক্রটি তার কাছ থেকে মোট ৫১,৬৩০ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে জাকিয়া বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বন্দর থানার এসআই (নিঃ) মোঃ আল আমিনের নেতৃত্বে এএসআই মোঃ রফিকুল ইসলাম ও এএসআই ওয়ালী উল্লাহসহ একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন এবং বিভিন্ন অপারেটরের ২১টি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ৫১,৬৩০ টাকাও সম্পূর্ণ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক পেজ খুলে সাধারণ মানুষকে আকর্ষণীয় পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বন্দর থানা পুলিশের এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ সাধারণ মানুষকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার এবং অপরিচিত পেজে অগ্রিম টাকা লেনদেন না করার পরামর্শ দিয়েছে।