বান্দরবানে অপহৃত ৬ রাবার শ্রমিককে অক্ষত উদ্ধার করল সেনাবাহিনী: আটক ১

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত ৬ জন রাবার শ্রমিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান সেনা জোন (২৮ বীর)-এর দ্রুত ও চৌকস অভিযানের ফলে অপহৃতদের নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

জানা যায়, অপহরণের ঘটনার পর থেকেই সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য গত ২৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ভোর ৫টা পর্যন্ত সম্ভাব্য সকল স্থানে ব্যাপক অভিযান চালায়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল ভোরে একটি পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শ্রমিকদের ফেলে রেখে গহীন অরণ্যে পালিয়ে যায়।

এ সময় সেনাবাহিনী শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে বর্তমানে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে টংকাবতী ইউনিয়নের ইসমাইলের রাবার বাগান এলাকা থেকে ওই ৬ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরদিন অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেয়।

অপহরণের খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী বিশেষ তৎপরতা শুরু করে এবং দুর্গম পাহাড়ি এলাকায় দিন-রাত চিরুনি অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর এই কঠোর অবস্থানের মুখে অপহরণকারীরা শেষ পর্যন্ত অপহৃতদের ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন—মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লাহ ও মো. রমিত। উদ্ধার শেষে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর দৃঢ় অবস্থানের একটি অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *