পূবাইলে মাদক কারবারি পরিবারের হামলায় বৃদ্ধা রক্তাক্ত জখম

খসরু মৃধা:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের নারায়ণকুল এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। পূবাইল থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণকুল এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী মোছাঃ জাহানারা (৫৪) তার আপন ভাগনি শেফালী (৪৫), নাতি মোঃ সবুজ (২২) এবং ভাসুরের ছেলে শহীদুল্লাহর (৫০) বিরুদ্ধে এই অভিযোগ করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত বিবাদীগণ এলাকায় বিশৃঙ্খল জীবনযাপনসহ দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত, যার ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। এলাকাবাসী তাদের এই অনৈতিক কাজে বাধা দিলে তারা প্রায়ই চড়াও হয়।

মাদক বিক্রির প্রতিবাদ করা ও এ বিষয়ে কথা বলার জেরে গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে নারায়ণকুল ড্রিম মডেল (জাপানি স্কুল) সংলগ্ন জনৈক এরশাদের বাড়ির সামনে জাহানারা বেগমকে একা পেয়ে বিবাদীরা অতর্কিত হামলা চালায়। ১ থেকে ৩ নং বিবাদীগণ গাছের মোটা লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে নীলা ফুলা ও রক্তাক্ত জখম করে। এ সময় বৃদ্ধার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহত জাহানারাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় (চিকিৎসা রেজি নং: ২৭৭৪/০৪)।

এ বিষয়ে প্রধান অভিযুক্ত শহীদুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হননি। অন্যদিকে, পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বকর জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ প্রাপ্তি হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী এই উগ্র মাদক কারবারি পরিবারের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *