ঈদগাহ উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওতে ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০৩ মে ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের দরগাহ গেইটের বিপরীত পাশে জাগিরপাড়া রোডের মুখে একটি চেকপোস্ট পরিচালনা করেন। ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সাদ্দাম হোসেন (৩২) ও দেলোয়ার হোসেন (৪২)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা রামু থানা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা নং-৪ (তারিখ: ০৩/০৫/২০২৬ খ্রি.) ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর।”