কলাপাড়ায় বিদ্যালয়ে একে একে ১০ শিক্ষার্থী অসুস্থ

উপকূলীয় প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ে অবস্থানকালে একে একে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে—অষ্টম শ্রেণির ছাত্রী তাইফা, দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা, অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া, দশম শ্রেণির ছাত্রী মিম, সপ্তম শ্রেণির ছাত্রী লাবিয়া, দশম শ্রেণির ছাত্রী নুসরাত, দশম শ্রেণির ছাত্রী সানজিদা এবং অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া। তবে তালিকায় ৯ জনের নাম পাওয়া গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুউল্লাহ লিটন জানান, প্রথমে দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে এগিয়ে আসা কয়েকজন শিক্ষার্থীও একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে মোট ১০ শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এর আগে একইভাবে উপজেলার ধানখালী এম ই মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। পরপর দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়ে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *