মোহাম্মদ হোসেন হ্যাপী:
‘শিক্ষা-ধর্ম-নৈতিকতা’— এই সারকথাকে সামনে রেখে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের নারায়ণগঞ্জ সদর উপজেলা মনিটরিং কমিটির সভা এবং শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল, মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প পরিচালক শ্যামল কুমার চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালাম এবং বিভিন্ন মন্দিরে শিশু শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষকগণ।
সভায় মশিপশি প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। প্রকল্পের আওতায় মন্দিরকেন্দ্রিক প্রাক-প্রাথমিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চার মাধ্যমে শিশুদের মানবিক গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “শিক্ষা-ধর্ম-নৈতিকতা— এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করেই মশিপশি প্রকল্প পরিচালিত হচ্ছে। শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষকদের আন্তরিকতা ও কমিটির নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য অর্জন সম্ভব।”
মতবিনিময়কালে শিক্ষকগণ মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। কেন্দ্র পরিচালনা, শিক্ষা উপকরণ সরবরাহ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা, মনিটরিং কমিটির সদস্য ও মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন মন্দিরে শিশু ও বয়স্কদের প্রাক-প্রাথমিক, ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করা হচ্ছে।