জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের বাইপাস এলাকায় হঠাৎ দমকা হাওয়ায় কয়েকটি দোকানের টিনের চালা উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উড়ে যাওয়া টিনের চালা সড়কের ওপর পড়ে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে ময়মনসিংহ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যেই কয়েকটি দোকানের টিনের চালা ও বিভিন্ন জিনিসপত্র উড়ে যেতে থাকে। পরে কয়েকটি টিনের চালা সড়কের ওপর পড়ে গেলে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস আহমেদ বলেন, তিনি দোকানে বসে চা খাচ্ছিলেন। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ দমকা হাওয়া শুরু হলে মুহূর্তের মধ্যে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়।
তবে ঘটনাটিকে ঝড় হিসেবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ বিষয়ে কয়েকজন তাদের কাছে জানতে চেয়েছেন। তবে ময়মনসিংহে ঝড় হয়েছে—এমন কোনো তথ্য তারা পাননি।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সেটিও জানা যায়নি।