গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলেই সংকট কাটবে: তথ্যমন্ত্রী

মোঃ আনজার শাহ:

গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে এই খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে গণমাধ্যম খাতের স্থায়ী ও টেকসই সমাধানে অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

গত বুধবার (৬ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকার কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং সহায়ক বা ফেসিলিটেটর হিসেবে ভূমিকা পালন করতে চায়।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের নীতি এনালগ কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল। ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রচলিত নীতিমালার আধুনিকায়ন এখন সময়ের দাবি।

গণমাধ্যম কমিশন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে এই কমিশন গঠন করা হবে। তবে এ ক্ষেত্রে গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সুস্থ ঐকমত্য প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, অংশীজনদের গঠনমূলক পরামর্শ এই কমিশনকে কার্যকর ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুষ্ঠু ও স্বাধীন গণমাধ্যম পরিবেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *