লামায় বনবিভাগের সফল অভিযান: জীবিত হরিণ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামায় বনবিভাগের এক বিশেষ অভিযানে একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৬ মে, ২০২৬) বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের মধুঝিরি সংলগ্ন এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নির্দেশনায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা এম. কবির এবং স্পেশাল টিম প্রধান রনি পারভেজ। অভিযানে বনবিভাগের কর্মী লতিফ ও জুলহাজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রেঞ্জ কর্মকর্তা এম. কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৫টার দিকে মধুঝিরি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি ওজনের এই জীবিত হরিণটি উদ্ধার করা হয়। বর্তমানে হরিণটি বনবিভাগের হেফাজতে রয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বন্যপ্রাণী পাচার রোধ ও জীববৈচিত্র্য রক্ষায় বনবিভাগ সর্বদা তৎপর। উদ্ধারকৃত হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগের এমন সাহসী ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *