মেহেদী হাসান:
গাজীপুরের শ্রীপুরে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল সরকারের নেতৃত্বে চলছে ব্যাপক তৎপরতা। মঙ্গলবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন করেন এবং ভোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন কার্যক্রম সকাল ৯টায় গড়গড়িয়া মাস্টারবাড়ি নতুন এলাকার মেসার্স সুলাইমান এন্টারপ্রাইজ ডিলার পয়েন্ট থেকে শুরু হয়। এরপর তিনি মাওনা চৌরাস্তা এলাকার মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজে যান। সেখানে উপস্থিত ভোক্তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
ভোক্তারা জানান, আগের তুলনায় বর্তমানে তারা নিয়মিতভাবে আটা ও চাল পাচ্ছেন। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এসব পণ্য সংগ্রহ করতে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি শ্রীপুরে আরও কয়েকটি ডিলার পয়েন্ট বাড়ানোর দাবি জানান তারা।
পরিদর্শন শেষে উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল সরকার বলেন, “ভোক্তারা সঠিক পরিমাণে চাল ও আটা পাচ্ছেন কি না, তা সরেজমিনে যাচাই করছি। ভোক্তাদের বক্তব্য অনুযায়ী তারা সরকারি নিয়ম মেনে পণ্য সংগ্রহ করছেন। তবে আটা ও চালের পরিমাণ বৃদ্ধি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। শ্রীপুর একটি বৃহৎ এলাকা হওয়ায় সরবরাহ বাড়ানোর পাশাপাশি ডিলার পয়েন্ট সংখ্যা বৃদ্ধি করলে ভোক্তারা আরও সুবিধা পাবেন।”
তিনি আরও জানান, ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।