নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটে রাতের আঁধারে ঘর থেকে কিশোরীকে তুলে নিতে ব্যর্থ হয়ে দাদিকে খুন করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত হয়েছে ওই কিশোরী ও তার মা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর মাটিকাঁপা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিহত দিলারা বেগম ওই গ্রামের মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত কিশোরী হাবিবা আক্তারকে (১৪) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে তিন যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে ওমান প্রবাসী আম্বিয়া আহমদের কিশোরী মেয়ে হাবিবা আক্তারের মুখ চেপে ধরে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে মা সাজনা বেগম এগিয়ে আসলে তার হাতে কামড় দিয়ে জখম করে। হাবিবা চিৎকার বন্ধ না করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। একপর্যায়ে নাতনিকে রক্ষায় দাদি দিলারা বেগম দরজার সামনে এসে দাঁড়ান। এসময় দুর্বৃত্তরা দিলারার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে একই এলাকার হারুন নামের ওমানফেরত এক প্রবাসীর নেতৃত্বে কিশোরীকে অপহরণের চেষ্টা ও তার দাদিকে হত্যার ঘটনাটি ঘটেছে। হারুন ও ওই কিশোরীর বাবা আম্বিয়া আহমদ একসাথে ওমানে থাকতেন। সেখানে দুইজনের মধ্যে আর্থিক লেনদেন হয়। হারুন দেশে ফেরার পর ওমানে থাকা আম্বিয়ার কাছে পাওনা টাকা ফেরত চাইলে এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে একাধিকবার সালিশও হয়। এর জের ধরেই হারুনের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
ওসি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।