আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক ভিসি কারাগারে

অনলাইন ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (১৭ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

প্রসিকিউটর ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, “আজ থেকেই তার সাজা কার্যকর হয়েছে। রায়ের সার্টিফায়েড কপি হাতে পাওয়ার পর তিনি আপিল করতে পারবেন।”

এর আগে, শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন ড. হাসিবুর রশীদ। ওই সময় আবু সাঈদ হত্যা মামলায় তাকে অন্যতম আসামি করা হয়। চলতি বছরের ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ে মোট ২৮ জন আসামির বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করলে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। পরবর্তীতে ৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *