বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ২৩তম জন্মদিনে দিদির দেওয়া একটি অভিনব উপহার যেন তাঁর ভবিষ্যৎ জীবনের ইঙ্গিত দিয়েছিল। তখনও অভিনয়জগতে পা রাখেননি রণবীর। অথচ জনপ্রিয় সিনেমার পোস্টারে শাহরুখ খানের মুখের জায়গায় বসানো হয়েছিল রণবীরের মুখ। কয়েক বছর পর সেই কল্পনাই বাস্তব হয়ে ওঠে তাঁর জীবনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই স্মৃতির কথা জানান রণবীর সিং। তিনি বলেন, ইতিবাচক চিন্তাভাবনা ও ভবিষ্যৎ কল্পনা নিয়ে একটি বই পড়েছিলেন তাঁর দিদি। সেখান থেকেই ভাইকে ভবিষ্যতের একজন সফল অভিনেতা হিসেবে কল্পনা করার ভাবনা আসে তাঁর।
জন্মদিনে কেকের বদলে দিদি রণবীরকে কয়েকটি ছোট ছবি উপহার দিয়েছিলেন। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ও ‘ধুম’ সিনেমার পোস্টারে শাহরুখ খানের মুখের জায়গায় বসানো হয়েছিল রণবীরের মুখ। ছবিগুলো নিজের ঘরে টাঙিয়ে রেখেছিলেন তিনি।
রণবীরের ভাষ্য, দিদির সেই কল্পনার কথা মনে পড়লে আজও তাঁর অবাক লাগে। মজার ছলেই তিনি বলেছিলেন, কয়েক বছর পর দিদির কল্পনা সত্যি হয়ে যায়।
২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রণবীরের। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেন আনুশকা শর্মা। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
ব্যক্তিজীবনেও বর্তমানে নতুন অধ্যায়ে রয়েছেন রণবীর। স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর প্রথম সন্তান দুয়ার জন্ম হয় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। সম্প্রতি তাঁদের দ্বিতীয় সন্তান কন্যার জন্মের খবরও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই তারকা দম্পতি।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রণবীরের জনপ্রিয়তাও বেড়েছে। ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর আলোচনায় আসেন তিনি। সিনেমাটির ভারতীয় বাজারে আয় প্রায় ৮৯৫ কোটি ৯৬ লাখ টাকা এবং বিশ্বব্যাপী আয় প্রায় ১ হাজার ৩৫৪ কোটি ৮৪ লাখ টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগামীতে রণবীরকে ‘প্রলয়’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন।