হজ-পরবর্তী নতুন ওমরাহ মৌসুমের ক্যালেন্ডার ঘোষণা

অনলাইন ডেস্ক:

১৪৪৮ হিজরি সালের ওমরাহ মৌসুমের জন্য নতুন ক্যালেন্ডার ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সময়সূচি প্রকাশ করে বিস্তারিত নির্দেশনা দিয়েছে।

নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং একই দিন থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশও চালু হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১৪ জিলহজ ১৪৪৭ হিজরি (যা ৩১ মে তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ) থেকে ওমরাহ ভিসা প্রদান ও যাত্রী প্রবেশের অনুমতি কার্যকর হবে। এর পরদিন অর্থাৎ ১ জুন (১৫ জিলহজ ১৪৪৭ হিজরি) থেকে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের আনুষ্ঠানিক পারমিট ইস্যু পুনরায় শুরু হবে।

এছাড়া মন্ত্রণালয় জানায়, রবিবার সন্ধ্যায় সৌদি আরবে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন ওমরাহ মৌসুমের ক্যালেন্ডারে ভিসা ইস্যু ও অবস্থানের চূড়ান্ত সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, ওমরাহ ভিসা ইস্যুর শেষ সময় ১ শাওয়াল ১৪৪৮ হিজরি (৯ মার্চ ২০২৭)। আর ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৫ শাওয়াল ১৪৪৮ হিজরি (২৩ মার্চ ২০২৭) এবং দেশ ত্যাগের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ শাওয়াল ১৪৪৮ হিজরি (৭ এপ্রিল ২০২৭)।

এর আগে ওমরাহ কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে ১১ মে থেকে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ সংস্থাগুলোর জন্য বিভিন্ন সেবা চালু করা হয় এবং কোম্পানিগুলোর সঙ্গে ইলেকট্রনিক চুক্তি সম্পন্ন করা হয়। পাশাপাশি ১২ মে থেকে ওমরাহ কোম্পানি ও সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী ও ঐতিহ্য-সম্পর্কিত সেবাসহ বিভিন্ন চুক্তিভিত্তিক সেবার ইলেকট্রনিক কার্যক্রমও চালু করা হয়েছে বলে জানায় দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। (সূত্র: সৌদি গেজেট)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *